পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেছেন, “জিপিএ-৫ জীবনের সবকিছু নয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, অধ্যবসায়, চেষ্টা ও কর্মনিষ্ঠার মাধ্যমে একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।” তিনি বলেন, “তোমরাই জেন-জি, অর্থাৎ তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তোমাদের নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যেন সমাজের মানুষ তোমাদের দেখে একজন ভালো মানুষ হিসেবে চিনতে পারে।”
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১নং চিলাহাটি ইউনিয়নে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, দেবীগঞ্জ উপজেলার ১নং চিলাহাটি ইউনিয়ন শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে তিনি কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ফরহাদ হোসেন আজাদ বলেন, তাদের কেউ দেবীগঞ্জে, কেউ দিনাজপুর, নীলফামারী, রংপুর কিংবা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে উচ্চশিক্ষা গ্রহণ করবে। বাংলাদেশের বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখবে তারা। তবে উচ্চশিক্ষা গ্রহণ ও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নৈতিকতা এবং মানবিক গুণাবলি অর্জন করাও জরুরি।
তিনি বলেন, “বিগত ১৭ বছর এই গণতন্ত্রহীন বাংলাদেশে এখন একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করছে।” তাঁর বক্তব্যে তিনি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, এসব কারণে দেশের বিভিন্ন ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে মেধাবী শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশা সম্পর্কে তিনি বলেন, তাদের কেউ স্কুল বা কলেজের শিক্ষক হবে, কেউ ডাক্তার, প্রকৌশলী কিংবা সরকারি কর্মকর্তা হবে। কেউ বিসিএস ক্যাডার, পুলিশ সুপার (এসপি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিংবা জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে পারে। কিন্তু যে পেশাতেই তারা যাক না কেন, সমাজে ভালো মানুষের অভাব পূরণে তাদের এগিয়ে আসতে হবে।
ফরহাদ হোসেন আজাদ বলেন, “আমি মনে করি, আজকে আমাদের সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টির অভাব আমি অনুভব করি, সেটা হচ্ছে ভালো মানুষ।” তাঁর মতে, শুধু শিক্ষাগত যোগ্যতা বা পেশাগত সাফল্য দিয়ে একজন মানুষের প্রকৃত মূল্যায়ন করা যায় না; বরং সততা, দায়িত্ববোধ ও মানুষের প্রতি মানবিক আচরণই একজন মানুষের পরিচয় তুলে ধরে।







