পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে গিয়ে আলিফ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার দুই নম্বর শালডাঙ্গা ইউনিয়নে করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ ওই ইউনিয়নের বাসিন্দা হেকমত আলীর ছেলে। তিনি দ্বাদশ শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরের কর্মী ছিলেন বলে জানা গেছে।
নিহতের চাচা মো. আলফার আলী জানান, বুধবার তিনজন মিলে করতোয়া নদীতে গোসল করতে যান। তাঁদের মধ্যে একজন নদীর এক পাড়ে অবস্থান করেন। অন্যদিকে, আলিফ ও তাঁদের অপর সঙ্গী সাঁতার কেটে নদীর অন্য পাড়ে যান। পরে সাঁতার কেটে ফিরে আসার সময় নদীতে থাকা দড়ি বা জালের সঙ্গে আলিফের পা আটকে যায়। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান।







