আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলার ৭ নম্বর হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আবারও প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মো. জিয়াউল হক জিয়া।
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি জানান, এর আগেও দুইবার চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে দুই নির্বাচনেই অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। সেই অভিজ্ঞতা সঙ্গে নিয়েই এবারও নতুন করে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন এই বিএনপি নেতা।
নিজের পোস্টে জিয়াউল হক জিয়া উল্লেখ করেন, হাড়িভাসা ইউনিয়নের মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আস্থাই তাঁর পথচলার মূল প্রেরণা। নির্বাচনে প্রত্যাশিত ফল না পেলেও ইউনিয়নবাসীর সঙ্গে তাঁর যোগাযোগ এবং মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
চেয়ারম্যান নির্বাচিত হলে হাড়িভাসা ইউনিয়নকে সুন্দর, আধুনিক, জনবান্ধব ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি তরুণদের এগিয়ে নেওয়া, অসহায় মানুষের অধিকার নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার তুলে ধরেন।
তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধির একার পক্ষে ইউনিয়নের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের ঐক্য, সহযোগিতা ও সম্মিলিত অংশগ্রহণ।







