শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সীমান্ত জেলা পঞ্চগড়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জেলায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি পূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষণিক টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে বিজিবি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে পঞ্চগড় পৌর শহরের শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের পাশে অবস্থিত দুর্গামণ্ডপসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটি ও সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং পূজা পালনে বিজিবির পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। একই সাথে উৎসবের বার্তা পৌঁছে দিতে মন্দির কমিটির সদস্যদের হাতে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, পঞ্চগড় সীমান্ত এলাকার নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার ৩৫টি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা নিশ্ছিদ্র নিরাপত্তা টহল ব্যবস্থা থাকবে। যেকোনো বিশৃঙ্খলা বা নাশকতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবির স্ট্রাইকিং ফোর্স।
তিনি আরো জানান, নিরাপত্তা কার্যক্রম অধিকতর বেগবান ও সমন্বিত করতে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটি বিশেষ ‘মনিটরিং সেল’ চালু করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নিরাপদে ও আনন্দমুখর পরিবেশে পূজা শেষ করতে পারেন, সে লক্ষ্যে ব্যাটালিয়ন থেকে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি পূজা ঘিরে যেকোনো অপপ্রচার ও গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।
পরিদর্শনকালে বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিবর্গ এবং পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।