আসন্ন ৭ নম্বর হাড়িভাসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী মোসাম্মৎ রুমা আক্তার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাত ৮টার দিকে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইচপাড়া এলাকা থেকে প্রায় ৫০টি মোটরসাইকেল নিয়ে তিনি এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।
মতবিনিময়কালে রুমা আক্তার বলেন, “শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও সম্প্রীতি বয়ে আনুক—এটাই আমার প্রত্যাশা। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই সমাজের মানুষ। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে একটি সুন্দর ও সম্প্রীতিময় হাড়িভাসা গড়ে তুলতে চাই।”







