সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমকর্মীদের অধিকার সুরক্ষা এবং পেশাগত দায়িত্ব পালনে আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে পঞ্চগড়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকালে পঞ্চগড় সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।
কর্মশালায় সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং সাংবাদিকতার নৈতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার সঙ্গে পেশাগত দায়বদ্ধতার সমন্বয় এবং সাংবাদিকদের অধিকার ও দায়িত্বসংক্রান্ত আইন ও বিধিবিধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এতে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন।







