জেন্ডার স্টেরিওটাইপ (লিঙ্গভিত্তিক প্রচলিত ধারণা) ভাঙা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ ‘কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট’। গতকাল সোমবার পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইনজীবী, শিক্ষক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা একাত্মতা প্রকাশ করেন। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে কর্মসূচিটির আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা ‘শিশুস্বর্গ ফাউন্ডেশন, পঞ্চগড়’।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা। এছাড়াও স্থানীয় প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, শিক্ষা খাত ও বিভিন্ন স্বেচ্ছাসেবী ফোরামের প্রতিনিধিরা কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে সমাজে প্রচলিত নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করে নারীর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। একই সাথে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি এবং নারী উদ্যোক্তা তৈরির বিভিন্ন সুযোগ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। অনলাইনে নারীদের নিরাপদ উপস্থিতি নিশ্চিত করতে সাইবার বুলিং ও হয়রানি প্রতিরোধের প্রয়োজনীয়তাও এতে তুলে ধরা হয়।







