পঞ্চগড় খবর

দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে দুই বছরের তানহার মৃত্যু

অমল কুমার (দেবীডুবা) দেবীগঞ্জ

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পিএম

দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে দুই বছরের তানহার মৃত্যু
ছবি: পঞ্চগড় খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে পড়ে তানহা নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তানহা ওই এলাকার মো. তরিকুল ইসলামের মেয়ে।

​স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকেই শিশু তানহা বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। দুপুর আনুমানিক ১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের করতোয়া নদীতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​নিহত শিশুর চাচা নূরনবী বলেন, "নদীতে ভেসে ওঠার প্রায় এক ঘণ্টা আগেও তানহা বাড়িতেই খেলাধুলা করছিল। হঠাৎ নদীর পার থেকে লোকজনের চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি ভাতিজিকে পানি থেকে উদ্ধার করা হয়েছে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।"

​ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় প্রধান বলেন, "খবর পেয়ে আমি শিশুটির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করেছি। দুই বছরের নিষ্পাপ শিশুর এমন আকস্মিক মৃত্যুতে আমরা গভীর শোকার্ত।"

​এদিকে, শিশু তানহার এমন মর্মান্তিক প্রয়াণে পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে। ফুটফুটে শিশুটিকে হারিয়ে পুরো দারারহাট ডাক্তারপাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

জেলার খবর নিয়ে আরও পড়ুন

মন্তব্য