পঞ্চগড় খবর

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে উদ্যোগ

পঞ্চগড়ে প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পিএম

পঞ্চগড়ে প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছবি: পঞ্চগড় খবর

সাংবাদিকতার মানোন্নয়ন, গণমাধ্যমকর্মীদের অধিকার সুরক্ষা এবং পেশাগত দায়িত্ব পালনে আইন মেনে চলার বিষয়ে সচেতনতা বাড়াতে পঞ্চগড়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১৯ অক্টোবর) সকালে পঞ্চগড় সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।

​কর্মশালায় সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং সাংবাদিকতার নৈতিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার সঙ্গে পেশাগত দায়বদ্ধতার সমন্বয় এবং সাংবাদিকদের অধিকার ও দায়িত্বসংক্রান্ত আইন ও বিধিবিধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এতে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন।

​কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম। প্রশিক্ষক ও রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর। এ সময় তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

​কর্মশালায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রচলিত আইন ও বিধিবিধান সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন এবং দায়িত্বশীল সংবাদচর্চার মাধ্যমে গণমাধ্যমের মানোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা এই প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দায়িত্ব পালনে আরও সচেতন ও দক্ষ হওয়ার সুযোগ পান।

​আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধনের পাশাপাশি নৈতিক, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

জাতীয় নিয়ে আরও পড়ুন

মন্তব্য