‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—এই বার্তা সামনে রেখে পঞ্চগড়ে নানা বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পঞ্চগড়ের করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন প্রাঙ্গণে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক নাটক প্রদর্শনী ও দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্ম্মনের সভাপতিত্বে ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ শুকরিয়া পারভীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আখতারুজ্জামান, পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোছাঃ জান্নাতুন ফেরদৌস নিতু, হায়াতুন আলম এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল্লাহ আল মামুন রনিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজসেবক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল স্কুল সিলেবাস থিয়েটারের আওতায় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন থিয়েটার ক্লাবের পরিবেশনায় সচেতনতামূলক নাটক ‘সাদাছড়ির গল্প’। সরকার হায়দারের রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ এই নাটকের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের দৈনন্দিন জীবনসংগ্রাম, তাঁদের আত্মবিশ্বাস, সক্ষমতা এবং সামাজিক নানা প্রতিকূলতার চিত্র জীবন্তভাবে ফুটিয়ে তোলা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টিপ্রতিবন্ধিতা কোনো মানুষের সম্ভাবনা বিকাশের পথে বাধা হতে পারে না। উপযুক্ত পরিবেশ, প্রয়োজনীয় সহায়তা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করা গেলে তাঁরাও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। সাদাছড়ি দৃষ্টিপ্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল ও নিরাপদ চলাচলের প্রতীক। তবে শুধু সাদাছড়ি বিতরণেই দায়িত্ব শেষ হয় না; তাঁদের নির্বিঘ্ন চলাচলের জন্য ফুটপাত, সড়ক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে প্রতিবন্ধীবান্ধব হিসেবে গড়ে তোলা জরুরি।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোসাঃ শুকরিয়া পারভীন বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের বোঝা হিসেবে না দেখে সম্ভাবনাময় ও সক্ষম নাগরিক হিসেবে মূল্যায়ন করতে হবে। তাঁদের নিরাপদ চলাচল, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”
আলোচনা সভা ও নাটক প্রদর্শনী শেষে উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে আধুনিক সাদাছড়ি বিতরণ করা হয়।