পঞ্চগড় খবর

​'অশান্ত বিশ্বে সমবায় অর্থায়ন' প্রতিপাদ্যে আয়োজন

পঞ্চগড়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত

​সামসউদ্দীন চৌধুরী কালাম

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম

পঞ্চগড়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত
ছবি : পঞ্চগড় খবর

‘সমবায় অর্থায়ন: অশান্ত বিশ্বের অবিচল আস্থা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ৭৮তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালিত হয়েছে।

​দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (কালব)-এর পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে পঞ্চগড় সদর থানার সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান নুরে আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি আতাউর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব 'ক' অঞ্চলের ডিরেক্টর ও বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব রেজাউল করিম লিটন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল, সদর উপজেলা সমবায় অফিসার রোকেয়া খাতুন এবং পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা কালব-এর চেয়ারম্যান ফারুক আহম্মেদ।

​আলোচনা সভায় বক্তারা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে অর্থনৈতিক নিরাপত্তা ও স্বাবলম্বিতা অর্জনে সমবায় অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে গত এক বছরের সেরা কাজের অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকটি ইউনিয়নের নেতৃবৃন্দের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। উক্ত শোভাযাত্রা ও আলোচনা সভায় পঞ্চগড় ক্লাস্টার প্রতিনিধি পরিষদের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

জেলার খবর নিয়ে আরও পড়ুন

মন্তব্য