পঞ্চগড় খবর

ট্রাইব্রেকারে গইচপাড়াকে হারিয়ে হাড়িভাসায় চ্যাম্পিয়ন 'বন্ধু ফুটবল একাদশ

শাহিনুর রহমান

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম

ট্রাইব্রেকারে গইচপাড়াকে হারিয়ে হাড়িভাসায় চ্যাম্পিয়ন 'বন্ধু ফুটবল একাদশ
ছবি: পঞ্চগড় খবর

পঞ্চগড়ের হাড়িভাসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ‘হাড়িভাসা অনূর্ধ্ব-১৬ নকআউট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ‘বন্ধু ফুটবল একাদশ, হাড়িভাসা’। ট্রাইব্রেকারে তারা গইচপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে এই গৌরব অর্জন করে।

​বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় হাড়িভাসা ঘাগড়াদ্বারিকামারী উচ্চ বিদ্যালয় ও হাড়িভাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হলে ট্রাইব্রেকারে জয় নিশ্চিত করে বন্ধু ফুটবল একাদশ।

​খেলার উদ্বোধন করেন হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক ও হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইয়্যেদ নুর-ই-আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

​তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ, নতুন ফুটবলার তৈরি এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আয়োজকদের আশা, এ ধরনের নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়া চর্চায় উৎসাহিত করবে।

শেয়ার করুন

মন্তব্য