পঞ্চগড় খবর

হাড়িভাসায় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে রুমা আক্তারের শুভেচ্ছা বিনিময়

শাহিনুর রহমান

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:০৬ এএম

হাড়িভাসায় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে রুমা আক্তারের শুভেচ্ছা বিনিময়
ছবি: পঞ্চগড় খবর

আসন্ন ৭ নম্বর হাড়িভাসা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচনে অংশ নিতে আগ্রহী মোসাম্মৎ রুমা আক্তার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) রাত ৮টার দিকে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইচপাড়া এলাকা থেকে প্রায় ৫০টি মোটরসাইকেল নিয়ে তিনি এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

মতবিনিময়কালে রুমা আক্তার বলেন, “শারদীয় দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব সবার জীবনে আনন্দ, শান্তি ও সম্প্রীতি বয়ে আনুক—এটাই আমার প্রত্যাশা। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একই সমাজের মানুষ। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে একটি সুন্দর ও সম্প্রীতিময় হাড়িভাসা গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন করব। এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তাঁদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। নারীসমাজের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখাই আমার লক্ষ্য।”

এ সময় ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তাঁর সমর্থকেরা উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন গইচপাড়া বাজারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল ইসলাম।

শেয়ার করুন

জেলার খবর নিয়ে আরও পড়ুন

মন্তব্য