পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে পড়ে তানহা নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তানহা ওই এলাকার মো. তরিকুল ইসলামের মেয়ে।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকেই শিশু তানহা বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। দুপুর আনুমানিক ১টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের করতোয়া নদীতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর চাচা নূরনবী বলেন, "নদীতে ভেসে ওঠার প্রায় এক ঘণ্টা আগেও তানহা বাড়িতেই খেলাধুলা করছিল। হঠাৎ নদীর পার থেকে লোকজনের চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি ভাতিজিকে পানি থেকে উদ্ধার করা হয়েছে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।"







