পঞ্চগড় খবর

পঞ্চগড়ে সাঁতরে তিন বন্ধুর নদী পার, ফেরার পথে তলিয়ে গেল একজন

মোঃ আব্দুর রহমান আতিক (দেবীগঞ্জ) পঞ্চগড়

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পিএম| আপডেট: ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ পিএম

পঞ্চগড়ে সাঁতরে তিন বন্ধুর নদী পার, ফেরার পথে তলিয়ে গেল একজন
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে গোসল করতে গিয়ে আলিফ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার দুই নম্বর শালডাঙ্গা ইউনিয়নে করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ ওই ইউনিয়নের বাসিন্দা হেকমত আলীর ছেলে। তিনি দ্বাদশ শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরের কর্মী ছিলেন বলে জানা গেছে।

নিহতের চাচা মো. আলফার আলী জানান, বুধবার তিনজন মিলে করতোয়া নদীতে গোসল করতে যান। তাঁদের মধ্যে একজন নদীর এক পাড়ে অবস্থান করেন। অন্যদিকে, আলিফ ও তাঁদের অপর সঙ্গী সাঁতার কেটে নদীর অন্য পাড়ে যান। পরে সাঁতার কেটে ফিরে আসার সময় নদীতে থাকা দড়ি বা জালের সঙ্গে আলিফের পা আটকে যায়। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান।

আলিফকে পানির নিচে তলিয়ে যেতে দেখে তাঁর সঙ্গে থাকা বন্ধু চিৎকার শুরু করেন। তাঁদের চিৎকার শুনে নদীর পাশে থাকা এক মাঝি এগিয়ে এসে আলিফকে উদ্ধার করেন। পরে তাঁকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে জানান তাঁর চাচা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দুই নম্বর শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুল ইসলাম (ফরিদ)।

আলিফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাঁর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। অল্প বয়সে একজন শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত তাঁর পরিবার ও পরিচিতজনেরা।

শেয়ার করুন

জেলার খবর নিয়ে আরও পড়ুন

মন্তব্য