পঞ্চগড়ের হাড়িভাসায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ‘হাড়িভাসা অনূর্ধ্ব-১৬ নকআউট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ‘বন্ধু ফুটবল একাদশ, হাড়িভাসা’। ট্রাইব্রেকারে তারা গইচপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে এই গৌরব অর্জন করে।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় হাড়িভাসা ঘাগড়াদ্বারিকামারী উচ্চ বিদ্যালয় ও হাড়িভাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হলে ট্রাইব্রেকারে জয় নিশ্চিত করে বন্ধু ফুটবল একাদশ।
খেলার উদ্বোধন করেন হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক ও হাফিজাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইয়্যেদ নুর-ই-আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশ, নতুন ফুটবলার তৈরি এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আয়োজকদের আশা, এ ধরনের নিয়মিত ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ধারার ক্রীড়া চর্চায় উৎসাহিত করবে।